ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, মতপ্রকাশের নামে আল্লাহ, রাসূল সা. ও ইসলামের উপর আঘাত কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি অভিজিত হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তদের সাজা রহিত করে তাদের দ্রুত জামিনে মুক্তির দাবি জানান। তিনি বলেন, এদেশের ওলামায়ে কেরাম বারবার দাবি করে আসছেন, মতপ্রকাশের নামে ইসলামের উপর আঘাত বন্ধ করতে আইন পাশ করতে হবে।
২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার এক বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এসব কথা বলেন।
তিনি বলেন, বারবার ইসলাম, আল্লাহ, রাসূল সা. এর শানে আঘাত করা হচ্ছে। এভাবে ইসলামের উপর আঘাত মতপ্রকাশের স্বাধীনতা হতে পারে না। তিনি বলেন, অভিজিৎ পরিচালিত ইসলামবিরোধী মুক্তমনা ব্লগের কর্মকান্ড সম্পর্কে সব জেনেও সরকার তখন ব্যবস্থা নেয়নি। এর ফলে রাসূল সা. প্রেমিকদের হৃদয় রক্তাক্ত হওয়ায় তারা সংক্ষুব্ধ হয়ে উঠেছিল। সরকার যথাসময়ে অবমাননাকারীদের ব্যাপারে আইনগত পদক্ষেপ নিলে আর একের পর এক আইন হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটতো না।
স্বয়ং প্রধানমন্ত্রীও সংসদে দাঁড়িয়ে রাসূলকে (সা.) গালি দেওয়া নোংরামি বলে সাব্যস্ত করেছিলেন এবং তথাকথিত মুক্তচিন্তার সমালোচনা করেছিলেন।



