ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, কুমিল্লায় মহাগ্রন্থ আল-কুরআন অবমাননার কারণে বিশ্বের মুসলিম উম্মাহর হৃদয়ে যখন রক্তক্ষরণ হচ্ছিল, তখন তা শান্ত না করে তথ্য প্রতিমন্ত্রী উল্টো ‘রাষ্ট্রধর্ম ইসলাম’-এর বিরুদ্ধে বক্তব্য দিয়ে দেশকে অশান্ত করে তুলেছেন। তিনি বলেন, এ ধরনের উস্কানীমূলক বক্তব্য একজন মন্ত্রী কিভাবে দিতে পারেন? ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ একটি মীমাংসিত বিষয়। এ নিয়ে নতুন করে চক্রান্তের সুযোগ নেই। যে বা যারা ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ নিয়ে চক্রান্ত করবে, সেই চক্রান্ত মুসলমানরা রুঁখে দেবে। বাংলাদেশের সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বাদ দিয়ে তদস্থলে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা ও ইসলামী চেতনাবোধ ধ্বংসের চক্রান্ত মুসলমানরা অবশ্যই রুঁখবে।
আজ ১৫ অক্টোবর ২০২১ এক বিবৃতিতে মহাসচিব বলেন, ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বাদ দেওয়ার কোনরূপ চক্রান্ত বরদাশত করা হবে না। বৃটিশ ভারত থেকে এ অঞ্চল স্বাধীন হয়েছিল মুসলিম পরিচিতি ও ইসলামী চেতনাবোধকে সমুন্নত রাখার মহান লক্ষ উদ্দেশ্যকে সামনে রেখে। সে হিসেবে এদেশে কেবল ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ নয়, বরং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়াই যুক্তিযুক্ত।



