ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ৫ এপ্রিল এক বিবৃতিতে বলেছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশসমূহের বিষয়ে সিদ্ধান্ত জাতির স্বার্থ বিবেচনায় না বরং দলীয় স্বার্থ বিবেচনায় নেয়া হচ্ছে। বিশেষ পরিস্থিতি মোকাবিলায় জারি করা অধ্যাদেশ স্বাভাবিক সময়ে উদ্দেশ্য প্রণোদিত ব্যবহার করার জন্য কোন কোন অধ্যাদেশ অনুমোদন করিয়ে নেয়া হচ্ছে আর স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপকল্পে আনীত অধ্যাদেশসমূহ লোপ করে দেয়া হচ্ছে।
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের বড় অংশই আত্মগোপনে চলে গিয়েছিল। এতে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের নিয়মিত কার্যক্রমে ব্যাঘাত ঘটে। এই বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার সংক্রান্ত চারটি অধ্যাদেশ জারি করে ফ্যাসিবাদের আমলে জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত স্থানীয় সরকারের প্রতিনিধিদের সরিয়ে দেয়া হয়েছিলো। তখন ২০২৪ সালের ১৭ আগস্ট স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ও উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ জারি হয়। এতে বিশেষ পরিস্থিতি বা জনস্বার্থে জনপ্রতিনিধিদের বরখাস্তের সুযোগ তৈরি করা হয়। যদিও বিশেষ পরিস্থিতি ও জনস্বার্থের সংজ্ঞা নির্ধারণ করা হয়নি। এর মাধ্যমে জনপ্রতিনিধিদের অপসারণ ও প্রশাসক নিয়োগের ক্ষমতা সরাসরি সরকারের হাতে দেওয়া হয়।
চারটি অধ্যাদেশের উল্লেখযোগ্য দিক হলো, আইনের অন্যান্য ধারার ওপর প্রাধান্য দিয়ে (যা কিছুই থাকুক না কেন) সরাসরি নির্বাহী ক্ষমতা প্রয়োগের সুযোগ রাখা হয়। ফলে আগের মতো নির্দিষ্ট অভিযোগ, তদন্ত বা বিচারিক প্রক্রিয়ার বাধ্যবাধকতা ছাড়াই যাঁকে খুশি তাঁকে, যখন খুশি তখন অপসারণের পথ খুলে যায়।
৫ আগষ্টের পরে বিশেষ পরিস্থিতিতে জারি করা এই অধ্যাদেশ অনুমোদনের মাধ্যমে স্বাভাবিক সময়েও স্থানীয় সরকারকে নির্বাহী বিভাগের খেয়াল-খুশির ওপর ছেড়ে দেয়ার পাঁয়তারা করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা তার স্বকীয়তা হারাবে এবং জনরায়কে ইচ্ছামতো উপেক্ষা করার সুযোগ তৈরি হবে।
তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারের প্রতি আহবান করছে যে, গণরায়কে উপেক্ষা করার প্রবণতা থেকে সরে আসুন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটকে অধ্যাদেশ অনুমোদন করে এবং বিশেষ পরিস্থিতিতে জারি করা স্থানীয় সরকার সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে গণরায়কে সন্মান জানানোর চর্চা করুন।



