ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি নেতৃত্বাধিন সরকারের প্রথম ছয়মাস পূর্তি উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও এই সরকার দেশের ৫৫ বছরের গতানুগতিক কোন নির্বাচন বা সরকার না। বরং স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্রের পরতে পরতে জমা জঞ্জাল দুর করার তীব্র আকাঙ্ক্ষায় জন্ম নেয়া একটি গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও স্বপ্নকে পূরণ করার দায়িত্ব নিয়ে এই সরকার গঠিত হয়েছে। পরিবর্তন ও প্রত্যাশার সেই রক্তস্নাত পটভূমি বিবেচনায় নিলে প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে বিস্তর ফারাক দেখা যায় এবং কষ্টের বিষয় হলো, আশার আলো ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে।
আজ ১৭ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর এই মন্তব্য করেন। পীর সাহেব চরমোনাই বলেন, ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের পরে দায়িত্ব নেয়া একটা সরকারের মূল্যায়ন করার জন্য ছয়মাস যথেষ্ট সময় হয়তো না কিন্তু ছয় মাস সময় হিসেবে কমও না। সরকারের মেয়াদের একদশমাংশ এটা। এই ছয়মাসে অনেক ক্ষেত্রেই সফলতা হয়তো দেখা যাবে না কিন্তু সূচনা ও পদ্ধতি দেখা যায়। সেই বিবেচনাতেই; বিশেষ করে সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান জাতির মধ্যে হতাশা দেখা দিয়েছে। জুলাই সনদের ওপরে গৃহিত গণভোটকে কার্যত বাতিল করে দেয়া হয়েছে। রাষ্ট্রকে স্বৈরাচারী হয়ে ওঠা থেকে রক্ষা করার জন্য জারি করা অধ্যাদেশগুলোকে বাতিল করা হয়েছে। বিকল্প হিসেবে কোন কোন ক্ষেত্রে যে আইন নতুন করে আনা হয়েছে তাতে আগের সমস্যার কোন সমাধান নাই। এগুলো জুলাইয়ে মাঠে নেমে আসা অরাজনৈতিক ছাত্র-জনতার প্রত্যাশার সাথে অসামঞ্জস্যপূর্ণ। আমরা মনে করি, জনপ্রত্যাশাকে উপেক্ষা করার পরিনতি ভালো হয় না। আজকেই হয়তো মানুষ মাঠে নামবে না কিন্তু রাজনৈতিক নেতৃত্বের প্রতি তারা আস্থা হারিয়ে ফেলবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, কোন কোন ক্ষেত্রে সরকারের উদ্যোগ ও প্রচেষ্টা প্রশংসার যোগ্য। বিশেষ করে সরকার প্রধানের দৃশ্যমান আচরন ও ব্যতিব্যস্ততা ভালো কিছুর ইঙ্গিত দেয়। আমরা সরকারে থাকা অন্যদের থেকেও একই রকম আশা করি।
সরকারের প্রতি পরামর্শ দিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই সনদ ও জুলাই গণভোট বাস্তবায়ন করুন। দুর্নীতির লাগাম টেনে ধরুন। নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর ব্যবস্থা করুন। গণহারে দলীয়করণ করবেন না। ফ্যাসিবাদের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনুন। পাচার করা টাকা উদ্ধারে অগ্রগতি দৃশ্যমান করুন। আমরাও চাই এই সরকার সফল হোক।
বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার বিভাগ
01818-646575