ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম আজ ৪ঠা নভেম্বর, বুধবার এক বিবৃতিতে বলেছেন, গণঅভ্যুত্থানের পরে জাতির অনেক প্রত্যাশা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু কোন একটা ক্ষেত্রেও তারা সাফল্য দেখাতে পারছে না বরং প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার পরে ব্যর্থতা। ব্যর্থতার ঘুর্ণিপাকে সরকার আগামীর সম্ভাবনা নষ্ট করছে। গতকাল জাতিসংঘের এক প্রতিবেদন বলছে, দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ও অনুপাত বাড়ছে। কিন্তু এ জনগোষ্ঠীকে উৎপাদনশীল কর্মসংস্থানে যুক্ত করতে পারছে না বাংলাদেশ। কর্মসংস্থানের সীমাবদ্ধতা, নারীর কম অংশগ্রহণ ও দক্ষতার ঘাটতিতে জনমিতিক সুবিধা কাজে লাগছে না। অন্যদিকে প্রবীণ জনগোষ্ঠী দ্রুত বাড়ছে। ২০৪৫ সালে দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর কমতে শুরু করবে।
বর্তমানে দেশের পাঁচ কোটি ৮০ লাখ মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। এসব কর্মসংস্থানে চাকরির নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও অবসরকালীন সুবিধা সীমিত। অন্যদিকে আনুষ্ঠানিক খাতের প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে ধীরগতিতে।
এই খাতে অনেক কাজ করার ছিলো। কিন্তু সরকার নতুন কর্মসংস্থান করা দুরে থাক বিদ্যমান কর্মসংস্থানও ধরে রাখতে পারছে না। পোষাকখাতে অস্থিরতা ছড়িয়ে পড়ছে। আজকের প্রতিবেদন অনুসারে অন্তত বিশ শতাংশ কারখানা বন্ধ হয়ে আছে। এগুলোর কোনটাই আমাদেরকে আশা দেয় না।
ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, সরকার পরিচালনায় আরো দক্ষতা অর্জন করতে হবে। দক্ষ মানুষদের কাজে লাগাতে হবে। দেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে।



