ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পোষাকখাতে কর্মীরা তাদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছেন, সেই আন্দোলন বড় আকার ধারণ করেছে। পোষাকখাতে শ্রমিকদের বেতন ও মজুরী বৃদ্ধির দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি। মূল্যস্ফীতির যে অবস্থা তাতে এই বেতনে জীবন ধারণ করা অসম্ভব। পোষাকখাতের ব্যবসায়ীরা সব কোটিপতি হয়ে বিলাসবহুল জীবন যাপন করেন কিন্তু শ্রমিকরা প্রান্তিক শ্রমিকই থেকে যায়। তাই সরকার ও পোষাকখাতের নীতি নির্ধারকদের বলবো, সর্বত্র জুজুর ভয় দেখানো বন্ধ করুন। শ্রমিকরা যাতে সাচ্ছন্দে জীবন যাপন করতে পারে এমন বেতন নির্ধারণ করুন। আর্থিক অনিশ্চয়তা থেকে তাদেরকে মুক্তি দিন।
আজ ২ নভেম্বর সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এক বিবৃতিতে এই আহ্বান জানান। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শ্রমিকদের আন্দোলনে শক্তি প্রয়োগ করা যাবে না। আমরা স্বৈরাচারী আমলের পুলিশ বাহিনীর মতো নির্মম পুলিশ দেখতে চাই না। ফ্যাসিবাদি চরিত্রের আইন-শৃংখলা বাহিনী আর চাই না। তাই আলোচনা ও সৌহার্দ্যের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। শ্রমিকভাইদের প্রতিও আহবান করবো, কারো রাজনৈতিক স্বার্থে বলি হওয়া যাবে না। এই পোষাকখাত থেকেই আপনাদের রুটি-রুজির ব্যবস্থা হয়। আপনাদের দাবির প্রতি আমাদের সংহতি আছে কিন্তু সেই দাবি আদায় করতে গিয়ে পোষাকশিল্প ও দেশের ক্ষতি করা যাবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, এই আন্দোলনকে নানা মহল তাদের স্বার্থে ব্যবহার করতে পারে। পতিত ফ্যাসিবাদও সুযোগ নিতে পারে। সেজন্য সরকারের সতর্কতা কাম্য। সেজন্যই দ্রুত শ্রমিকদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করুন। শ্রমিকদের মধ্যে আস্থা তৈরি করুন।



