ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম,পীর সাহেব চরমোনাই এসএসসি-দাখিল ও সমমানের ফলাফল ঘোষণার পরে এক বিবৃতিতে বলেছেন, ফলাফল নির্বিচারে যারাই পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফলাফল যাই হোক না কেন পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমেই তোমরা একটি উচ্চতর স্তরে পৌছে গিয়েছো। আর যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছো তোমাদেরকে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের দিনটি তোমাদের জীবনের একটি স্বরণীয় দিন হয়ে থাকবে। এই দিনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। কারণ একান্ত তাঁর দয়া ও রহমতেই তোমার এই সাফল্য। একই সাথে বাবা-মা ও শিক্ষকদের প্রতি তোমার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ। তারাই তোমার এই সাফল্যের ভিত্তি রচিত করেছে।
আজ ১০ আগস্ট, সোমবার এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পরে দেয়া এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো নাই তাদেরকে বলবো, ধৈর্য ধারণ করতে হবে। ভেঙ্গে পড়া যাবে না। হতাশ হওয়া যাবে না। জীবন অনেক বড়। এই জীবনে সম্ভাবনাও অনেক বড়। এই পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক কিন্তু এটা চুড়ান্ত ও সর্বশেষ মাইলফলক না। ফলে এই পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় কষ্ট হতে পারে কিন্তু তাতে ভেঙ্গে পড়া যাবে না। বরং কোথায় ঘাটতি ছিলো তা খুঁজে বের করে নতুন উদ্যোমে পথচলা শুরু করতে হবে।
পীর সাহেব চরমোনাই অবিভাবকদের প্রতি আহবান রেখে বলেন, আপনার সন্তানের পাশে থাকুন। যারা সফলতা পেয়েছে তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ জাগ্রত করুন। আর যারা কাঙ্খিত ফল পায় নাই তাদেরকে সান্তনা দিন। আশার পথ দেখান।


