জাতীয় শহীদ সেনা দিবসের শ্রদ্ধা জ্ঞাপন
পিলখানা হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত করে প্রকৃত খুনিদের বিচার করতে হবে
-পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন,২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর অন্যতম। একটি স্বাধীন দেশের রাজধানীতে এতোজন সেনা কর্মকর্তার মৃত্যু বিরল ঘটনা। এমন নৃশংস হত্যাকাণ্ডের কোন নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত হয় নাই। এর পেছনে কারা জড়িত, কোন স্বার্থে এমন বর্বরতা চালানো হয়েছে তা আজো স্পষ্ট না। ইসলামী আন্দোলন দাবী করছে যে, ২০০৯ সালের পরে অনেক বছর অতিবাহিত হয়েছে, আর সময় ক্ষেপণ করা যাবে না। দ্রুততার সাথে নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত করতে হবে। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।
আজ ২৫ ফেব্রুয়ারি, বুধবার দেয়া এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই পিলখানায় শহীদ সেনা কর্মকর্তা ও সৈনিকদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।