ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই ঢাকা মহানগর দক্ষিণের শপথ অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত নেতাদের উদ্দেশ্যে বলেন, দেশে বারংবার রক্তক্ষয়ী আন্দোলন হচ্ছে। আমাদের বীর জনতা অন্যায়, বৈষম্য ও নিপিড়নের বিরুদ্ধে বুকচিতিয়ে লড়াই করেছেন কিন্তু প্রত্যাশিত মুক্তি, শান্তি ও সমৃদ্ধি আসে নাই। কারণ প্রতিটি পরিবর্তনের পরে এমন লোকদের হাতে ক্ষমতায় এসেছে তারাও আগের বন্দোবস্তে,আগের নিয়মে দেশ পরিচালনা করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের পরেও একই ধরণের পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে। আগামীতে এটা আর হতে দেয়া হবে না। সেজন্য দেশের সকল স্তরের ক্ষমতা পরিশুদ্ধ আত্মা ও শুদ্ধ চিন্তাধারার মানুষের হাতে নিতে হবে। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণের তৃণমূলের প্রতিটি ক্ষমতার কেন্দ্র আপনাদের আয়ত্তে নিতে হবে। তাহলে এদেশের মানুষের হাজার বছরের আকাঙ্ক্ষিত শান্তি ও মুক্তি নিশ্চিত হবে।
আজ ৭ আগস্ট, শুক্রবার সকালে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ নির্দেশনা প্রদান করেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম।
বিশেষ নির্দেশনায় মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বাত্মক নির্বাচন করবে। সেজন্য প্রতিটি ওয়ার্ডে প্রস্তুতি নিতে হবে। সমাজের সাথে মিশে যেতে হবে, মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্র হয়ে উঠতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।



