ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার স্বপ্রণোদিত হয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করার দরকার ছিলো। সরকার তা করেনি। শ্রমিকদের রাজপথে আন্দোলন করে নিম্নতম মজুরি বোর্ড গঠন করাতে হয়েছে। সেই বোর্ডে যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তারা শ্রমিকদের প্রকৃত প্রতিনিধি কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকৃত শ্রমিকদের মজুরি বোর্ডে অন্তর্ভূক্ত করার আহবান জানাচ্ছে।
আজ ৫ নভেম্বর, বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব এই দাবি জানান। ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, শ্রমিক প্রতিনিধিদের একজন জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি। তিনি নিজে আদতে শ্রমিক না। আরেকজন জনাব বাবুল আক্তার সংগঠক। বর্তমান বাজারে একজন শ্রমিকের সংসার কি করে চলে তা তারা জানেন না। একজন শ্রমিক কি অমানুষিক পরিশ্রম করেন, ছোট ছোট ঘিঞ্জি ঘরে কি করে বাস করেন তা তারা জানেন না। শ্রমিকের সন্তানরা কি খায়, কোথায় পড়ে তা তারা জানেন না। ফলে তারা শ্রমিকদের প্রকৃত স্বার্থ রক্ষা করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই প্রকৃত শ্রমিক প্রতিনিধিদের এই বোর্ডে সংযুক্ত করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, আমরা বিশ্ববাজার ধরে রাখতে চাই; তবে সেজন্য আমাদের রক্ত পানি করে আমাদের নাগরিকদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। বাজারে প্রতিযোগীতা রক্ষার নামে আমাদের নাগরিকদের আমরা নিষ্পেষিত হতে দিতে পারি না। সুতরাং বর্তমান বাজার বিবেচনায় নিয়ে মানুষের জীবনধারনের প্রয়োজনীয় মৌলিক চাহিদা অনুযায়ী নিম্নতম মজুরি নির্ধারণ করার আহ্বান করছি।



