স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন ধরণের সময়ক্ষেপন মেনে নেয়া হবে না
-মাওলানা গাজী আতাউর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচনে নয়-ছয় করার কারণেই পতিত ফ্যাসিস্টের বিরুদ্ধে জনরোষ ফুঁসে উঠেছিলো। তারই প্রেক্ষিতে বিএনপি ক্ষমতায় এসেছে কিন্তু নির্বাচন নিয়ে বিএনপি সরকারের মধ্যেও অনিহা দৃশ্যমান। শুরু থেকেই স্থানীয় সরকারে নির্বাচন না দিয়ে প্রশাসক বসানো হয়েছে। এখন যখন নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের সম্ভব্য তারিখ ঘোষণা করেছে তখন নানা ধরণের আইন ও রীতি দেখানো শুরু হয়েছে। ইসলামী আন্দোলন পরিস্কার জানিয়ে দিতে চায় যে, স্থানীয় নির্বাচন নিয়ে কোন ধরণের সময়ক্ষেপন মেনে নেয়া হবে না। বরং দ্রুততার সাথে নির্বাচন আয়োজন করতে হবে। মানুষের ক্ষমতা মানুষের প্রতিনিধির কাছে বুঝিয়ে দিতে হবে।
আজ ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার দলের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান এই মন্তব্য করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশ পরিচালনায় সরকারের দক্ষতার ঘাটতি দৃশ্যমান, কোন কোন ক্ষেত্রে সদিচ্ছার অভাবও পরিলক্ষিত হচ্ছে। একটি নতুন সরকার গঠন হওয়ার পরে কাজ গুছিয়ে নেয়ার জন্য যে সময় পাওয়া দরকার তা এই সরকার পেয়েছে। এখন আর আগের সরকার বা আগের রেজিমের ওপরে দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর সুযোগ নাই।
সভায় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরি, প্রচার ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাওলানা কে এম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ


