ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজ ১৫ নভেম্বর এক বিবৃতিতে বলেছেন, পোষাক শিল্প আমাদের অর্থনীতির প্রধান ধমনি। এখানে শ্রমিকদের কঠোর শ্রমের ভূমিকা যেমন অনস্বীকার্য তেমনি উদ্যোক্তা ও মালিকপক্ষের ভূমিকাও অনস্বীকার্য। বিষয়টিকে কেবল মালিক পক্ষের দৃষ্টিকোণ থেকে বা কেবল শ্রমিকদের দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নাই। প্রচলিত শ্রমিক রাজনীতির মালিক-শ্রমিকের দ্বান্দ্বিক সম্পর্কের ভিত্তিতেও এর সমাধান হবে না। এই খাতকে টিকিয়ে রাখতে এবং উত্তরোত্তর আরো উন্নতি করতে উভয় পক্ষের পারস্পরিক সহযোগীতা ও প্রচেষ্টা লাগবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মালিক-শ্রমিক উভয়পক্ষকে সতর্কতা ও ইনসাফের সাথে বিষয়টি সমাধান করার আহবান জানাচ্ছে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমাদের পোষাকখাতের ওপরে বৈশ্বিক নানা শক্তির দৃষি্ট আছে। আমাদের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী আছে। আমাদের বাজার দখল করার জন্য নানাপক্ষ সক্রিয়। একই সাথে দেশের পরাজিত শক্তিও সুযোগ নিতে চাইছে। ফলে দাবি আদায় করতে গিয়ে এমন কিছু করা যাবে না যা এই শিল্পখাতকেই ক্ষতিগ্রস্থ করে। পোষাকশিল্প আমাদের কর্মসংস্থানে বিপুল বিশাল ভূমিকা রেখেছে তার স্বীকার করতেই হবে। এই খাত ক্ষতিগ্রস্থ হলে বা আমাদের বাজার অন্যরা দখলে নিলে আমাদের লাখো মানুষ নতুন করে বেকারত্বের শিকার হবে। ফলে সরকার, মালিক পক্ষ ও শ্রমিক সকলকেই দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই যে, ন্যূনতম মজুরি বোর্ডে ইনসাফের সাথে শ্রমিকদের স্বার্থ দেখতে হবে, বৈশ্বিক বাস্তবতার দোহাই দিয়ে শ্রমিকদের বঞ্চিত করা যাবে না; একই সাথে বৈশ্বিক বাজার পরিস্থিতিও অস্বীকার করা যাবে না। শ্রমিকদের অবশ্যই রাষ্ট্রের প্রতি আস্থা রেখে আন্দোলন বন্ধ করে কাজে যোগ দিতে হবে। মলিকপক্ষ আন্দোলনের সূত্র ধরে কাউকে হয়রানী করতে পারবে না। আমরা মালিক পক্ষকে আহবান জানিয়ে বলবো, কারখানা বন্ধ করা কোন সমাধান না। সেজন্য কারখানা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া যাবে না।



