ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বলেছেন, সরকার গঠনের পরে অর্ধ বছর চলে গেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় কোন একটা ক্ষেত্রেও বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না, কোন একটা সংকট মোকাবিলা করতে পারছে না, মানুষের কোন সমস্যার সমাধান করতে পারছে না। বরং প্রায় প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতি আরো খারাপ হয়েছে। জ্বালানি সংকট তীব্র হয়েছে, বিদ্যুৎ সমস্যা মাত্রা ছাড়িয়েছে, দ্রব্যমূল্যে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। সন্ত্রাস, চাঁদাবাজির পরিমান ও ব্যাপ্তি বেড়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাস, হানাহানি ও মাস্তানিতে জনগণ অতিষ্ঠ। সার্বিক বিবেচনায় সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
আজ ২৬ সেপ্টেম্বর, শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
ঢাকার ভাটারা থানাধীন সাঈদনগরে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বক্তব্য রাখেন। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে। তিনি শরীয়াহ, সততা ও দক্ষতাকে সামনে নিয়ে নির্বাচনী প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ নির্দেশনা দেন।



