অবশেষে সাহাবুদ্দিন চুপ্পুর স্বস্তির পদত্যাগ; সর্বোচ্চপদে ব্যক্তিত্ববান কেউ আসুক
-মাওলানা গাজী আতাউর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, অবশেষে সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করলেন। ফ্যাসিবাদের পতনের পরেই তার পদত্যাগ প্রত্যাশিত ছিলো। কিন্তু রাজনীতির নানা অন্তস্রোতের কারণে এতোদিন তিনি বঙ্গভবনে অস্বস্তির কারণ হয়ে টিকে ছিলেন। তার পদত্যাগকে স্বাগত জানাই।
বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরে দেয়া এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এই মন্তব্য করেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাষ্ট্রপতি দেশের মর্যাদার পদক্রমের শীর্ষে। আবার রাষ্ট্রের বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কিন্তু সাংবিধানিক কারণে আক্ষরিক অর্থেই রাষ্ট্রপতি নখদন্তহীন। এটা ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের পরে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করার বিষয়ে জোড়ালো আলোচনা হয়েছে যার কিছুটা প্রতিফলন জুলাই জাতীয় সনদেও হয়েছে। আমরা আশা করবো, নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।


