পে স্কেলের সমান্তরালে মূল্যস্ফীতি যাতে বৃদ্ধি না হয় তা নিশ্চিত করতে হবে
-মাওলানা গাজী আতাউর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সরকারী কর্মচারীদের পে স্কেল অবশেষে মন্ত্রীসভায় অনুমোদিত হয়েছে; এটা সরকারী কর্মকর্তাদের স্বস্তি এনে দেবে। তবে পে স্কেলের সমান্তরালে মূল্যস্ফীতি যাতে লাগামছাড়া না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ অতিতের অভিজ্ঞতা বলে, পে স্কেলে টাকার অংকে যে হারে প্রবৃদ্ধি ঘটে মানুষের ক্রয় ক্ষমতা সেই হারে বৃদ্ধি হয় না। বেতন বৃদ্ধির সুফলের অনেকাংশ মূল্যস্ফীতির কারণে নষ্ট হয়। সেজন্য সরকারকে বলবো, পে স্কেলের সাথে মূল্যস্ফীতির একটি সম্পর্ক থাকবেই তবে এটা যাতে লাগামছাড়া না হয় তা নিশ্চিত করতে হবে।
আজ ১ লা সেপ্টেম্বর, মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের সংখ্যা সাড়ে চৌদ্দ লাখের মতো। বেতন বৃদ্ধির সুফল তারা ভোগ করবেন। কিন্তু এর প্রভাবে সৃষ্ট মূল্যস্ফীতির ধকল দেশের সবাইকে বহন করতে হবে। বেসরকারি খাতের বেতনবৃদ্ধির সক্ষমতা তেমন নাই, এর বাইরে দেশের বিপুল পরিমান মানুষ অনানুষ্ঠানিক চাকুরিতে নিযোজিত। তাদেরও বেতনবৃদ্ধি হবে না। ফলে পে স্কেল দেশের অনেক মানুষের জন্য আর্থিক চাপ তৈরি করবে। সেই চাপ কমাতে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে।
সভায় মাওলানা গাজী আতাউর রহমান চলমান জ্বালানি সংকট, লোডশেডিং ও মূল্যস্ফীতির কারণে সৃষ্ট জনদুর্ভোগের প্রতিবাদে আগামী শুক্রবার ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ



